কেন শিশুদের রোজার অভ্যাস গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া উচিত?

কেন শিশুদের রোজার অভ্যাস গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া উচিত?

আমাদের সমাজে মুসলিম পরিবারগুলোর মাঝে বর্তমানে আধুনিকতার কড়াল থাবায় একটি অতি জরুরী বিষয়কে আমরা খুব অবহেলা করে থাকি, আর তা হল, ছোটবেলা থেকেই ঘরের সন্তানদেরকে রোজা রাখায় অভ্যস্ত করা।

একটি সুনির্দিষ্ট বয়সের পর যখন ঘরের ছোট্ট শিশুটি চলাফেরা করতে ও কথাবার্তা বলতে শিখে এবং ন্যূনতম বোধশক্তি তাঁর মধ্যে জাগ্রত হয়, তখন থেকেই সে তাঁর পরিবারের সবার প্রতি অনুকরণপ্রিয় হয়ে উঠে। আর এই সময়টাই মূলত একটি বাচ্চাকে ইসলামী আদর্শালোকে গড়ে তোলার সোনালী সময়। যখন সে তাঁর পরিবারের সদস্যদেরকে রোজা রাখতে দেখে, তখনি অল্প সময়ের জন্য হলেও, দিনের বেলা ভেঙ্গে ভেঙ্গে হলেও দু’টি/তিনটি করে রোজা রাখিয়ে এবং বিশেষ করে পরিবারের সাথে সাহরী ও ইফতার গ্রহণের অভ্যাস ও আগ্রহ গড়ে তোলা বাবা-মায়ের দায়িত্ব।

আজকাল বহু পরিবারে সময়মত রোজার বিধান শিক্ষা না দেয়ার ফলে দেখা যায় প্রাপ্তবয়ষ্ক হওয়ার পর টানা মাসব্যাপী রোজা পালন করা অনেক শিশুর জন্য কষ্টসাধ্য হিসেবে পরিলক্ষিত হয়। এজন্য নিজের পরিবারের সবার ছোট বেলা থেকেই সন্তানদের রোজার অভ্যাস গড়তে এগিয়ে আসতে হবে।